১৯ রমাদান

শয়তানের ধোঁকা থেকে বাঁচার নির্দেশ

পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তা‘আলা শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা করেছেন এবং তার প্ররোচনা থেকে বাঁচার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তা‘আলা মানবজাতিকে পৃথিবীর পবিত্র ও হালাল বস্তু আহার করার নির্দেশ দিয়েছেন। একই সাথে সতর্ক করেছেন যেন কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে। কারণ শয়তান মানুষের জন্য এক সুস্পষ্ট শত্রু, যে সবসময় মন্দ পথের দিকে প্ররোচিত করে।  আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا النَّاسُ کُلُوۡا مِمَّا فِی الۡاَرۡضِ حَلٰلًا طَیِّبًا ۫ۖ وَّ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّهٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۱۶۸﴾

হে মানবজাতি, যমীনে যা রয়েছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। (সুরা বাকারা-১৬৮)

মুমিনদের প্রতি আল্লাহর নির্দেশ হলো, তারা যেন খণ্ডিতভাবে নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে পূর্ণরূপে প্রবেশ করে। এই পথে শয়তানের কোনো প্ররোচনাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য ওত পেতে থাকে। আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ کَآفَّۃً ۪ وَ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّهٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۲۰۸﴾

হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। (সুরা বাকারা-২০৮)

শয়তান মানুষকে দান-সদকা থেকে বিরত রাখতে দারিদ্র্যের ভয় দেখায় এবং তাকে অশ্লীল ও পাপের কাজে লিপ্ত হওয়ার আদেশ দেয়। অন্যদিকে, আল্লাহ তা‘আলা তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন,

اَلشَّیۡطٰنُ یَعِدُکُمُ الۡفَقۡرَ وَ یَاۡمُرُکُمۡ بِالۡفَحۡشَآءِ ۚ وَ اللّٰهُ یَعِدُکُمۡ مَّغۡفِرَۃً مِّنۡهُ وَ فَضۡلًا ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۶۸﴾ۖۙ

শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সুরা বাকারা-২৬৮)

শয়তান মুমিনদের অন্তরে তার বন্ধুদের (কাফের, মুশরিক ও মুনাফিক) মাধ্যমে ভীতি ছড়াতে চায়। কিন্তু আল্লাহর নির্দেশ হলো—প্রকৃত মুমিনরা যেন সেই মিথ্যা ভয়কে উপেক্ষা করে এবং একমাত্র আল্লাহকেই ভয় করে।

اِنَّمَا ذٰلِکُمُ الشَّیۡطٰنُ یُخَوِّفُ اَوۡلِیَآءَهٗ ۪ فَلَا تَخَافُوۡهُمۡ وَ خَافُوۡنِ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۷۵﴾

সে তো শয়তান। সে তোমাদেরকে তার বন্ধুদের (কাফের, মুশরিক, মুনাফিক) ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় কর, যদি তোমরা মুমিন হও। (সুরা আলে ইমরান-১৭৫)