২৫ রমাদান

অহঙ্কার

অহঙ্কার মানুষের আমল ধ্বংসকারী এক মারাত্মক ব্যাধি। পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় আল্লাহ তা‘আলা অহঙ্কারীদের পরিণাম এবং তাদের প্রতি তাঁর অসন্তুষ্টির কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন।

১. অহঙ্কার সত্য বিমুখতার কারণ

যারা পরকালে বিশ্বাস করে না, অহঙ্কার তাদের অন্তরকে সত্য গ্রহণ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তা‘আলা বলেন:

اِلٰـهُکُمۡ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَالَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ قُلُوۡبُهُمۡ مُّنۡکِرَۃٌ وَّ هُمۡ مُّسۡتَکۡبِرُوۡنَ ﴿۲۲﴾

 “তোমাদের ইলাহ একক ইলাহ। অনন্তর যারা পরজীবনে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহঙ্কার প্রদর্শন করেছে।” [সূরা নাহল, আয়াত: ২২]

২. আল্লাহর অপছন্দনীয় গুণ

অহঙ্কার এমন একটি বৈশিষ্ট্য যা মানুষকে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত করে। গোপন বা প্রকাশ্য—সবই আল্লাহর নখদর্পণে। ইরশাদ হয়েছে:

لَاجَرَمَ اَنَّ اللّٰهَ یَعۡلَمُ مَا یُسِرُّوۡنَ وَ مَا یُعۡلِنُوۡنَ ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡتَکۡبِرِیۡنَ ﴿۲۳﴾

নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চয়ই তিনি অহঙ্কারীদের পছন্দ করেন না।” [সূরা নাহল, আয়াত: ২৩]

৩. চলাফেরা ও আচরণে বিনয়

অন্যের প্রতি তুচ্ছজ্ঞান করা এবং জমিনে দম্ভভরে চলাফেরা করা মুমিনের বৈশিষ্ট্য নয়। হযরত লুকমান (আ.) তাঁর সন্তানকে উপদেশ দিয়ে যা বলেছিলেন, আল্লাহ তা কুরআনে এভাবে তুলে ধরেছেন:

وَ لَا تُصَعِّرۡ خَدَّکَ لِلنَّاسِ وَ لَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرٍ ﴿ۚ۱۸﴾

 “অহঙ্কারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহঙ্কারীকে পছন্দ করেন না।” [সূরা লুকমান, আয়াত: ১৮]

উপরোক্ত আয়াতগুলো থেকে স্পষ্ট হয় যে, মানুষ হিসেবে আমাদের যা কিছু আছে—তা সবই আল্লাহর দান। তাই নিজের শক্তি, সম্পদ বা বংশ নিয়ে গর্ব করা এবং অন্যকে ছোট মনে করা ঈমানি চেতনার পরিপন্থী। বিনয়ই মুমিনের অলঙ্কার, আর অহঙ্কার হলো পতনের মূল।