২৯ রমাদান

মুনাফিকদের পরিচয় ও তাদের চারিত্রিক বৈশিষ্ট্য

পবিত্র কুরআনে মুনাফিকদের এমন কিছু আচরণের কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে তাদের চেনার ক্ষেত্রে সতর্ক করে।

১. দ্বিমুখী নীতি ও সত্য গোপন করা

মুনাফিকরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মুমিনদের সাথে একরকম এবং নিজেদের দলের সাথে অন্যরকম আচরণ করে। তারা সত্য প্রকাশ করতে ভয় পায়। আল্লাহ তাআলা বলেন:

وَ اِذَا لَقُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَالُوۡۤا اٰمَنَّا ۚۖ وَ اِذَا خَلَا بَعۡضُهُمۡ اِلٰی بَعۡضٍ قَالُوۡۤا اَتُحَدِّثُوۡنَهُمۡ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَیۡکُمۡ لِیُحَآجُّوۡکُمۡ بِهٖ عِنۡدَ رَبِّکُمۡ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۷۶﴾

“যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয়, তখন বলে: আমরা মুসলমান হয়েছি। আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে, তখন বলে, পালনকর্তা তোমাদের জন্যে যা প্রকাশ করেছেন, তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে। তোমরা কি তা উপলব্ধি কর না?”

[সূরা বাকারা, আয়াত: ৭৬]

২. কুরআন ও সুন্নাহর বিধান থেকে বিমুখতা

যখনই তাদের আল্লাহর বিধান ও রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শের দিকে ডাকা হয়, তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন:

وَ اِذَا قِیۡلَ لَهُمۡ تَعَالَوۡا اِلٰی مَاۤ اَنۡزَلَ اللّٰهُ وَ اِلَی الرَّسُوۡلِ رَاَیۡتَ الۡمُنٰفِقِیۡنَ یَصُدُّوۡنَ عَنۡکَ صُدُوۡدًا ﴿ۚ۶۱﴾

“আর যখন আপনি তাদেরকে বলবেন, আল্লাহর নির্দেশের দিকে এসো—যা তিনি রসূলের প্রতি নাযিল করেছেন, তখন আপনি মুনাফেকদিগকে দেখবেন, ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে।”

[সূরা নিসা, আয়াত: ৬১]

৩. অহংকার ও হঠকারিতা

মুনাফিকরা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার পরিবর্তে উল্টো অহংকার প্রদর্শন করে। তাদের এই স্বভাব সম্পর্কে বলা হয়েছে:

وَ اِذَا قِیۡلَ لَهُمۡ تَعَالَوۡا یَسۡتَغۡفِرۡ لَکُمۡ رَسُوۡلُ اللّٰهِ لَوَّوۡا رُءُوۡسَهُمۡ وَ رَاَیۡتَهُمۡ یَصُدُّوۡنَ وَ هُمۡ مُّسۡتَکۡبِرُوۡنَ ﴿۵﴾

“যখন তাদেরকে বলা হয়: তোমরা এসো, আল্লাহর রসূল তোমাদের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে, তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়।”

[সূরা মুনাফিকুন, আয়াত: ৫]