৩০ রমাদান

শয়তানের ধোঁকা থেকে বাঁচার নির্দেশ

মানবজাতির চিরশত্রু শয়তান মানুষকে বিপথগামী করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই শত্রু সম্পর্কে আমাদের সতর্ক করেছেন।

১. হালাল আহার ও শয়তানের অনুসরণ থেকে বিরত থাকা

পবিত্র ও হালাল রিজিক গ্রহণ করা ইবাদত কবুলের পূর্বশর্ত। শয়তান মানুষকে হারাম ও অপবিত্রের দিকে প্রলুব্ধ করে। আল্লাহ বলেন:

یٰۤاَیُّهَا النَّاسُ کُلُوۡا مِمَّا فِی الۡاَرۡضِ حَلٰلًا طَیِّبًا ۫ۖ وَّ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّهٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۱۶۸﴾

“হে মানুষ, যমীনে যা রয়েছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু।”

[সূরা বাকারা, আয়াত: ১৬৮]

২. ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ ও আনুগত্য

খণ্ডিতভাবে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলাই হলো শয়তানের হাত থেকে বাঁচার উপায়। আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিয়েছেন:

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ کَآفَّۃً ۪ وَ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّهٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۲۰۸﴾

হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু।”

[সূরা বাকারা, আয়াত: ২০৮]

৩. দারিদ্র্যের ভয় ও অশ্লীলতার প্ররোচনা

শয়তান মানুষের মনে অভাব-অনটনের ভয় ঢুকিয়ে দেয় যেন মানুষ দান-সদকা না করে এবং তাকে অশ্লীল কাজের দিকে ঠেলে দেয়। পক্ষান্তরে আল্লাহর প্রতিশ্রুতি সম্পূর্ণ ভিন্ন:

اَلشَّیۡطٰنُ یَعِدُکُمُ الۡفَقۡرَ وَ یَاۡمُرُکُمۡ بِالۡفَحۡشَآءِ ۚ وَ اللّٰهُ یَعِدُکُمۡ مَّغۡفِرَۃً مِّنۡهُ وَ فَضۡلًا ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۶۸﴾ۖۙ

“শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে। আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”

[সূরা বাকারা, আয়াত: ২৬৮]

৪. অমূলক ভয় ও প্রকৃত আল্লাহভীতি

শয়তান মুমিনদের মনে কাফের-মুশরিক বা বাতিল শক্তির ভয় সৃষ্টি করে ঈমান দুর্বল করতে চায়। এ প্রসঙ্গে আল্লাহ বলেন:

اِنَّمَا ذٰلِکُمُ الشَّیۡطٰنُ یُخَوِّفُ اَوۡلِیَآءَهٗ ۪ فَلَا تَخَافُوۡهُمۡ وَ خَافُوۡنِ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۷۵﴾

“সে তো শয়তান। সে তোমাদেরকে তার বন্ধুদের (কাফের, মুশরিক, মুনাফিক) ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় কর, যদি তোমরা মুমিন হও।”

[সূরা আলে ইমরান, আয়াত: ১৭৫]